
নিউজ ডেস্কঃ নড়াইলের পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে চার তালিকাভূক্ত সন্ত্রাসীসহ ৩৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ১ ডিসেম্বর থেকে ৭ডিসেম্বর এ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তালিকাভুক্ত সন্ত্রাসীরা হলেন- নড়াইল পৌরসভা বরাশুলা এলাকার মো. মাজেদুল ইসলাম (২৮), দক্ষিণ নড়াইলের মো. কামরুজ্জামান (৪৫), শহরের মাছিমদিয়া এলাকার মিথুন চৌধুরী (৩৫) ও নড়াগাতীর চাপাইল গ্রামের মো. হোসেন খান (৩১)। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মেয়াদে ১৪জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।
এছাড়া অভিযান পরিচালনাকালে দুইটি শুটারগান, দুইটি পাইপান ও দুই রাউন্ড গুলি এবং ২২৩পিস ইয়াবা, ১শ’ বোতল ফেনসিডিল ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হয়।
এদিকে মাদকসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান পুলিশ সুপার।