
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হচ্ছে । বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি। ভোলার ঢলচরে আজ শুক্রবার বশারতউল্লাহ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবহেলিত দ্বীপগুলো উন্নয়নের জন্য সকলকেই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কাজে সহযোগিতা করতে হবে। দীপাঞ্চলের অবহেলিত ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো বিস্তার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজে সার্বিক সহযোগিতা করতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত শিখরে পৌঁছতে পারে না।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচীব মো. নাজিমউদ্দিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস আলতাফ হোসেন চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাবেক সচিব আ. মহিত চৌধুরী, সাবেক সচিব শাহ মোহাম্মদ ফরিদ, মাহাবউদ্দিন বীর বিক্রম। স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। এসময় বক্তারা ঢালচরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, অবহেলিত ঢালচরে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ব্যক্তি উদ্যোগে চরবাসীর কথা চিন্তা করে সচিব নাজিমউদ্দিন চৌধুরী তার পিতার নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। চরের বসবাসকারী সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি করেন।
এসময় মিসেস তোফায়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দ, বিএনপি নের্তৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন চরের স্থায়ীবাসিন্দারা উপস্থিত ছিলেন।