News71.com
 Bangladesh
 12 Dec 16, 12:05 PM
 283           
 0
 12 Dec 16, 12:05 PM

বিধিমালার গেজেট নিয়ে কোন আপোস নয়’ ।।

বিধিমালার গেজেট নিয়ে কোন আপোস নয়’ ।।

নিউজ ডেস্কঃ  নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত চাকরির বিধিমালার গেজেট সরকারকে করতেই হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছে, গেজেট করার জন্য একমাস সময় যথেষ্ট। এই বিষয়ে আমরা কোনো আপোষ করতে চাই না। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

আজ সকালে তলব আদেশে আপিল বিভাগে হাজির হন আইন মন্ত্রণালয়ের দুই সচিব আবু সালেহ শেখ মোহম্মদ জহিরুল হক ও শহিদুল হক। আদালতের জিজ্ঞাসার জবাবে আইন ও বিচার বিভাগের সচিব শেখ জহিরুল হক বলেন, আদালত যে আদেশ দেবেন আমরা তাই মেনে নেব।

আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণলায়ের প্রজ্ঞাপনের বিষয়টি আদালতে উপস্থাপন করেন। ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই মর্মে মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আমরা তো বিধিমালার কোনো খসড়া করে দেইনি। আপনারা (আইন মন্ত্রণালয়) এই খসড়া পাঠিয়েছেন মাজদার হোসেন মামলার রায়ের আলোকে কিছু সংশোধন করে দেয়া হয়েছে। অতএব এখানে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে। আর সংসদীয় পদ্ধতিতে আপনার যা পাঠাবেন রাষ্ট্রপতি তাতেই সম্মতি দেবেন। এরপরই আদালত ১৫ জানুয়ারির মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রণয়ন করতে নির্দেশ দেয়।

মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনার আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধি সংশোধন, সংযোজন ও বিয়োজন করে তা গেজেট আকারে জারি করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো। এ নিয়ে বেশ কয়েক দফা সরকারকে সময় দেয় সুপ্রিম কোর্ট। সর্বশেষ বৃহস্পতিবার শুনানিতে আসলে অ্যাটর্নি জেনারেল বিধিমালার গেজেট জারি করতে দুই সপ্তাহ সময় চান। শুনানি শেষে আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন