News71.com
 Bangladesh
 13 Mar 16, 07:44 AM
 1505           
 0
 13 Mar 16, 07:44 AM

অবশেষে ফেনসিডিলকে নিষিদ্ধ করল ভারত সরকার।। স্বস্থিতে বাংলাদেশ

অবশেষে ফেনসিডিলকে নিষিদ্ধ করল ভারত সরকার।। স্বস্থিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক : নিরাপত্তা ও ওষুধের কার্যক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে নেশাদ্রব্য হিসেবে বহুল ব্যবহৃত কফের সিরাপ ফেনসিডিল অবশেষে নিষিদ্ধ করেছে ভারত সরকার। গত শুক্রবার এক ঘোষণায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বাজারে সহজলভ্য ফেনসিডিল ও কোরেক্সসহ ৩৫০টি ‘ফিক্সড ডোজ কম্বিনেশন’ ওষুধ আর উৎপাদন বা বিপণন করা যাবে না। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ফেনসিডিল ব্যাবহার ও পাচার বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্ট সকলের।

কোনো থেরাপিউটিক কার্যক্ষমতা ছাড়া ওষুধগুলোর ব্যবহার অযৌক্তিক বিধায় ভারত সরকার এ ওষুধ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া এ ওষুধ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এসব ওষুধের ‘চিকিৎসা বহির্ভূত’ ব্যবহার উদ্বেগের কারণ ঘটাচ্ছে।

‘দুই বা তার বেশি ওষুধ নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে’ এ ধরণের ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ তৈরি করা হয়। সাধারণত বেদনানাশক বা মনোরোগের চিকিৎসায় বেশি ব্যবহৃত হয় এসব ওষুধ।

২০১৫ সালে মেডিসিন জার্নাল প্লস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১২ শতাংশেরও বেশি এফডিসির মধ্যে ‘মাদকের উপাদান’ রয়েছে।

‘অনুমোদিত নয়’- এমন ফিক্সড ডোজ ওষুধের ব্যবহার ও বিক্রি ভারতে ‘মাত্রা ছাড়িয়ে গেছে’ বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। কেবল ফেনসিডিলের ব্যবসার পরিমাণই দেড় বিলিয়ন রুপির বেশি বলে তাদের হিসাব।

ভারতে কোডেইন মিশ্রিত কফ সিরাপের সবচেয়ে বড় প্রস্তুতকারক যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ফাইজার ও অ্যাবোট। ভারতে এই সিরাপের প্রায় ১০ কোটি ৩৩ লক্ষ ডলারের বাজার রয়েছে, যার বড় অংশ এই কোম্পানি দুটোর।

প্রসঙ্গত, নেশাউদ্রেককারী কোডেইন সমৃদ্ধ ফেনসিডিল বাংলাদেশে ১৯৮০ সাল থেকে নিষিদ্ধ হলেও প্রতিবেশী দেশ ভারতে বৈধতার সুযোগে দীর্ঘদিন ধরে তা পাচার হয়ে আসছে। ভারতে ওষুধ হিসেবে উৎপাদনের পর কয়েকগুণ বেশি দামে তা নেশাদ্রব্য হিসেবে বিক্রি হচ্ছে বাংলাদেশে। কেবল ২০১৪ সালেই আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে ৭ লক্ষ ৫০ হাজারের বেশি বোতল ফেনসিডিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন