
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি কমানোর দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনের জেরে স্থগিত হওয়া ভর্তি-সম্পর্কিত সব কার্যক্রম পুনরায় ১৮ই ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২১শে ডিসেম্বর পর্যন্ত ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্থগিত ঘোষিত প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধা তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ১৮ই ডিসেম্বর থেকে শুরু হবে। মেধা তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির শেষ তারিখ ২১শে ডিসেম্বর ।
এদিকে, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বিভাগ উন্নয়ন ফি না কমানোর সিদ্ধান্তে অটল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করেছে । এর ফলে আবারো আন্দোলনের মুখে পড়তে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
উল্লেখ্য, বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার ব্যাংক অবরোধ করে প্রগতিশীল ছাত্র জোট। এর ফলে ভর্তিচ্ছু কেউই টাকা জমা দিতে পারেনি। পরে, বাধ্য হয়ে ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।