
নিউজ ডেস্কঃ টঙ্গীর কামারপাড়া এলাকায় তুরাগ নদের উভয় তীরে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা আজ সোমবার সকালে উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত মান্নানের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানকালে তুরাগ নদের পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা প্রস্তাবিত একটি মেডিকেল কলেজ কে নগদ ১লাখ টাকা, বালির গদির মালিক ইউনুস মুন্সিকে ১লাখ টাকা জরিমানা করা হয় এবং কামারপাড়া-আশুলিয়া রোডের পাশে অবৈধভাবে গড়ে তোলা আব্দুস সালামের গদির বালি নগদ ১লাখ ৯২ হাজার টাকা নিলামে বিক্রি করে দেয়া হয়। এদিকে তুরাগ নদের পূর্বতীরে গড়ে উঠা একটি রিসোর্ট-এর অর্ধেক বাউন্ডারি ওয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ।
অভিযানকালে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দর-এর সিনিয়র উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, টঙ্গী নদী বন্দরের সহকারী সমন্বয় কর্মকর্তা মো. জাহাঙ্গীর ভূঁইয়া, এ কে মো. ফারুক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
এব্যাপারে বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. শামীম বানু শান্তি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত মান্নান বলেন, তুরাগ নদের জায়গা অবৈধভাবে দখল করে যারা স্থাপনা তৈরি করেছে তা উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে ।