News71.com
 Bangladesh
 12 Dec 16, 07:06 PM
 296           
 0
 12 Dec 16, 07:06 PM

খুলনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, আটক ৪ ।।

খুলনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ খুলনায় শিমলা ওরফে সীমা খাতুন নামে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। সীমা কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে সীমা বাড়িতে একা ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। তার বাবা সরোয়ার শেখ ফরিদপুরের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। তার মা ৩ মাস ধরে নানা বাড়িতে ছিলেন এবং ভাই আকাশ স্থানীয় গ্লোরি জুট মিলে কর্মরত। আকাশ মিল থেকে বাড়ি ফিরে সীমার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে সোমবার সীমার মরদেহ গ্রামে নিয়ে দাফন করা হয়েছে।

এদিকে, রবিবার রাতেই রূপসা থানার পুলিশ অভিযান চালিয়ে এই হত্যায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে। তারা হলেন- স্বল্প বাহিরদিয়া গ্রামের জসিম হাওলাদার, পাচানী গ্রামের লিটন দাস ও সৌরভ রায় এবং নেহালপুর গ্রামের মো. জিয়া। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এ ঘটনায় সীমার বাবা সরোয়ার শেখ বাদী হয়ে সোমবার অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে থানায় মামলা করেছেন। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,  সীমার মাথায় ধারালো অস্ত্রের ৫-৬টি আঘাত রয়েছে। এ ঘটনায়  আটক হওয়া চার যুবক মাদকাসক্ত। তাদের মাদক সেবন সীমা দেখে ফেলায় তাকে তারা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন