
নিউজ ডেস্কঃ জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার আরমান মিয়াকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
আরমান সাংবাদিকদের জানান, সোমবার দুপুর ২টা ৯ মিনিটে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন। ফোনে ফ্ল্যাট বেচা-কেনার সূত্র ধরেই তাকে গালিগালাজ করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আরো বলেন, ‘ঘটনার পর পরই ম্যানেজারকে সঙ্গে নিয়ে রমনা থানায় গিয়ে জিডি করা হয়েছে।’
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ফ্ল্যাট কেনা-বেচা সংক্রান্ত ব্যাপারে তাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি বিষয়টি পুলিশকে অবগত করে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।