News71.com
 Bangladesh
 13 Dec 16, 01:45 PM
 294           
 0
 13 Dec 16, 01:45 PM

কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না সরকার ।। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না সরকার ।। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসেনা। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। আজ মঙ্গলবার নিজ ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর। কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরণের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়তো কোন পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?

তিনি আরো বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে।কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।

এ বিষয়ে সরকারের পদক্ষেপ স্পষ্ট করার জন্য তিনি বলেন, ‘সত্য হচ্ছে, আমরা দেশের ভিতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভিতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইইজি (ISP , IIG)'রা পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাই নি।

প্রতিমন্ত্রী বলেন, বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন, আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না।

এরপর সবার উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেন তারানা হালিম। তিনি বলেন, যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান:

পর্ন সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন