
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গোপালগঞ্জ উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে শহীদদের জন্য তৈরি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান ।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎপর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ মুক্তিযোদ্ধাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কালো বেদীতে পুষ্পস্তবক অর্পণ, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী প্রদান, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি পরিবেশন এবং নাটিকা মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয়ের এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন ।