News71.com
 Bangladesh
 16 Dec 16, 10:07 PM
 280           
 0
 16 Dec 16, 10:07 PM

৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা থেকেই স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম শুরু ।। ত্রাণমন্ত্রী মায়া

৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা থেকেই স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম শুরু ।। ত্রাণমন্ত্রী মায়া

 

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ৭ই মার্চে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঘোষণা “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম’’-এ ঘোষণা থেকেই আমাদের স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম শুরু হয়। মানুষ স্বাধীনতার মূল সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে থাকে ।

আজ শুক্রবার নয়াদিল্লীর নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরী মিলনায়তনে ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ভারত সরকার আয়োজিত ‘ভারত-পাকিস্তান যুদ্ধ-১৯৭১ ও বাংলাদেশের স্বাধীনতা স্মারক’ আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

মায়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয় লাভের জন্য প্রয়োজন ছিল অস্ত্র, সামরিক প্রশিক্ষণ, গৃহহারা মানুষের আশ্রয়, সর্বোপরি প্রয়োজন ছিল দৃঢ় মনোবল ও সাহসিকতা। ভারতের জনগণ অকুণ্ঠচিত্তে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করেছেন ।

ত্রাণমন্ত্রী বলেন, ভারত প্রায় ১ কোটি শরণার্থীকে ৯ মাস আশ্রয় দিয়েছে, খাদ্য ও চিকিৎসা দিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে ভূমিকা রেখেছে। এমনকি আমাদের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছে ।

ভারতের এই অকৃত্রিম সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি ভারতের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভারতের যেসব সৈনিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তিনি তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।

বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক যে কোন সময়ের তুলনায় অধিক সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করে ত্রাণমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সম্পর্ক আরও উষ্ণ হবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলোরও সহজ সমাধান হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিশ্বে শান্তিপ্রিয় মানুষের শান্তি বিনষ্ট করছে-এ কথা উল্লেখ করে মায়া বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট এবং সুদৃঢ়। ভারত সরকারও এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সোচ্চার। উভয় দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন