News71.com
 Bangladesh
 17 Dec 16, 11:36 PM
 249           
 0
 17 Dec 16, 11:36 PM

গণতান্ত্রিক সরকার ব্যবস্থাই বিশ্বে উত্তম ।। স্পিকার

গণতান্ত্রিক সরকার ব্যবস্থাই বিশ্বে উত্তম ।। স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বর্তমান বিশ্বে চলমান সরকার ব্যবস্থাগুলোর মধ্যে উত্তম। তিনি বর্তমান তরুণ সমাজকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতে কমনওয়েলথ পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

গতকাল শুক্রবার লন্ডনে ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত জেনারেল এসেম্বলিতে চেয়ারম্যানের বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। শিরীন শারমিন চৌধুরী বলেন, শুরু থেকে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন গণতান্ত্রিক চর্চা ও এর বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের সুফল সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীকে আগ্রহী ও সচেতন করে তুলতে হবে ।

তিনি বলেন, সিপিএ সারা বিশ্বের ১৮৫টি পার্লামেন্ট সদস্য ও আইন প্রণয়নকারী সংস্থার সদস্যদের একটি মিলনক্ষেত্র। এতে উন্নত, স্বল্প উন্নত ও ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের পার্লামেন্ট সদস্যগণ রয়েছেন। সিপিএ’র এ বহুমুখীতা একে সমৃদ্ধ করেছে, যা সংসদ সদস্যগণের জন্য উদ্ভাবনী চিন্তার ক্ষেত্র তৈরি করে দিয়েছে ।

স্পিকার বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সিপিএ গণতন্ত্র বিকাশের যে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, তাতে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের সুফল ও এর বিভিন্ন দিক তুলে ধরা সম্ভব হবে। তিনি এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য কমনওয়েলথ পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে সিপিএ’র ৯টি অঞ্চল-আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ দীপপুঞ্জ ও ভূমধ্যসাগরীয়, কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকাস এন্ড আটলান্টিক, ভারত, প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ৫২টি দেশের স্পিকার, সংসদ সদস্য ও সংসদ স্টাফ প্রতিনিধি অংশগ্রহণ করছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন