
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর সারাদেশে ৫১ হাজার ৯৮৬টি মসজিদের আঙিনায় ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা ও মক্তবী শিক্ষা কেন্দ্রে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয় ।
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কোরআন শিক্ষার মোট ৫১ হাজার ৫৬৮টি কেন্দ্র ও ইসলামিক মিশনের ৪১৮টি ইবতেদায়ী মাদ্রাসা ও মক্তবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে আলেম সমাজ ও কোমলমতি শিশুদের অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশন এ পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোমলমতি শিশুদের জানবার সুযোগ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় ।
ওই কর্মসূচি সাথে একযোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, উপজেলা ও জোন মডেল রিসোর্স সেন্টার এবং ইসলামিক মিশন কার্যালয়ে শিশু সমাবেশ, র্যালি, আলোচনা সভা, কিরাত, হামদ-না‘ত, গজল, মহাবনী (সা.)-কে নিবেদিত কবিতা আবৃত্তি, মিলাদ-ক্বিয়াম, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে উপজেলা ও ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, অভিভাবক ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন ।