
নিউজ ডেস্কঃ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনরত সাভারের আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। একই সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়া লিখিতভাবে জানানোরও অনুরোধ করেন তিনি ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি ইংরেজি দৈনিকের ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ‘আরএমজি সেক্টরের সামাজিক আলোচনা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও জীবনধারনের উপযোগী মজুরি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন (এফডব্লিউএফ)। এ সময় বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন ।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পকে ধ্বংস করতে শ্রমিকদের ধর্মঘট নিয়ে ষড়যন্ত্র করছে কোনো কোনো মহল। আমি শ্রমিকদের জিজ্ঞাসা করেছিলাম কেন আন্দোলন করছেন, তারা সুনির্দিষ্ট কিছুই বলতে পারেনি ।
আন্দোলন কেন করছেন শ্রমিকরা নিজেরাই জানে না, যোগ করেন তিনি। প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের নিরাপত্তাসহ অন্যান্য দাবিতে সাভারের আশুলিয়ার প্রায় ১৫টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন ।