
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়বে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
ডিআইজি নুরুজ্জামান জানান, আইনে জনগণের জানমালের নিরাপত্তা ও আত্মরক্ষায় গুলি চালানোর বিধান রয়েছে। নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়বে। যদি কোনো পুলিশ সদস্য গুলি না ছোড়ে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
তিনি জানান, কে সরকারি দল বা কে বিরোধী দল-এটা দেখার সময় নেই। সুষ্ঠু নির্বাচন ও নাগরিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সব পদক্ষেপ নেবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পুলিশ সদস্যদের বলা হয়েছে, কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে সবাইকে সম্মান দিয়ে কাজ করুন ।
এ সময় অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন উপস্থিত ছিলেন ।