
নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গভবনে যাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ। এদিন বিকেল ৩টায় ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপির প্রতিনিধিদল এবং বিকেল সাড়ে ৪টায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধিদল বঙ্গভবনে যাবেন ।
দলীয় সূত্রে জানা যায়, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুপ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ ১০ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যাবেন ।
এ প্রসঙ্গে জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম জানান, আমরা ১২ জনের তালিকা পাঠিয়েছি। এর মধ্যে থেকে ১০ জনের একটি প্রতিনিধিদল আগামীকাল বুধবার বিকেলে বঙ্গভবনে যাবো। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্ব দেবেন যথারীতি দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যাবেন ।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম ধাপে বিএনপিসহ ইসিতে নিবন্ধিত ৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রোববার (১৮ ডিসেম্বর) খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যায় বিএনপি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) যায় জাতীয় পার্টি। বুধবার (২১ ডিসেম্বর) এলডিপি ও কৃষক শ্রমিক জনতালীগ যাচ্ছে। আগামী ২২শে ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যাওয়ার কথা থাকলেও দলটির সভাপতি হাসানুল হক ইনু দেশের বাইরে থাকায় তারা সময় চেয়েছেন ।