News71.com
 Bangladesh
 21 Dec 16, 12:34 PM
 293           
 0
 21 Dec 16, 12:34 PM

রুশনারা আলীর সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের বৈঠক

রুশনারা আলীর সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের বৈঠক

নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সাথে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে এফবিসিসিআইয়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল মঙ্গলবার স্থানীয় এক হোটেলে সভা করেছেন।


মাতলুব আহমাদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের আহবান জানান।তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যে ওষুধ রপ্তানি করতে আগ্রহী। তিনি বাংলাদেশে যুক্তরাজ্যের প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

মাতলুব আহমাদ জানান, এফবিসিসিআই থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাজ্য সফর করবে। বাংলাদেশের ছাত্ররা যাতে আরো বেশি সংখ্যায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার জন্য যেতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি ব্রিটিশ এমপিকে অনুরোধ করেন।

এফবিসিসিআই প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সভায় উল্লেখ করেন, বাংলাদেশ শিল্প কারখানায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং শিশুশ্রম ইতিমধ্যেই দূরীভুত হয়েছে। তিনি ঢাকায় একটি ক্যাটালগ শো আয়োজনের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে অনুরোধ জানান। এর ফলে দুই দেশের ব্যবসায়ীবৃন্দ বাণিজ্য বিষয়ে পারস্পরিক মতবিনিময় করতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।

সভায় রুশনারা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকান্ডে তিনি অভিভূত। ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন। এ ছাড়াও তিনি জলবায়ু বিষয়ক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার এ্যালিসন ব্লেকও সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্য অনলাইন ভিসা চালু করেছে এবং ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৫-২০১৬ অর্থবছরে যুক্তরাজ্যে ৩.৮১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং যুক্তরাজ্যে থেকে ০.২৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন