News71.com
 Bangladesh
 21 Dec 16, 03:29 PM
 389           
 0
 21 Dec 16, 03:29 PM

আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া ।।

আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া ।।

 

নিউজ ডেস্কঃ আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া। আদালতে যাওয়ার বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত বক্তব্য দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ১৫ই ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার বেগম খালেদা জিয়াকে হাজির হতে বলেন। আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানান আদালত।

গত ৮ই ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ১৫ই ডিসেম্বর দিন ধার্য করেন। মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ ৪জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ই জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯শে মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলার অপর আসামিরা হলেন-খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন