নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য শিক্ষা-গবেষণার গুণগত মান রক্ষায় আমরা সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। নতুন জ্ঞান সৃষ্টি ও নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমরা নিজেদের সমস্যা সমাধানের পাশপাশি বিদেশেও নতুন জ্ঞান ও নতুন প্রযুক্তি রপ্তানি করতে চাই।
বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তৃতীয় আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ। বৈশ্বিক সমস্যা বিবেচনায় এনে আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। ব্যবসা, পরিবেশ এবং জনগণের মধ্যে জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করতে হবে। টেকসই উন্নয়নের মাধ্যমে ঝুঁকি কমাতে হবে, প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য বাড়াতে হবে। গ্রিন প্রোডাক্ট ব্যবহার করে পরিবেশের ক্ষতি কমাতে হবে। সৃষ্টিশীল উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যত গড়তে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী নাহিদ আরো বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর দক্ষ ও গতিশীল নেতৃত্বে রূপকল্প-২০২১ অনুযায়ী মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের সফল মিশন চলছে। পদ্মা সেতুর মত অনেক বড় বড় প্রজেক্ট এখন নিজস্ব অর্থায়নেই কেবল নয় দেশের সিভিল ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। এতে অংশগ্রহণ করেছেন দেশি-বিদেশি ১৪৮ জন সিভিল ইঞ্জিনিয়ার।