News71.com
 Bangladesh
 22 Dec 16, 07:17 PM
 285           
 0
 22 Dec 16, 07:17 PM

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে ।। বাণিজ্য মন্ত্রী তোফায়েল

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে ।। বাণিজ্য মন্ত্রী তোফায়েল

নিউজ ডেস্ক: বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) খাতে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।


আজ বৃহস্পতিবার রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) অনুষ্ঠিত ৬ দিনব্যাপী ৮ম ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি এই মেলার আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আইসিটি খাতে অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের অনান্য দেশ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন কার্যক্রম অনুসরণ করতে পারে। সবাই মিলে এক সাথে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সফল হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন তিনি।

‘সাইবার সিকিউরিটি : দি অনলি ওয়ে টু ফ্লাই’ শ্লোগানকে সামনে রেখে এই মেলা আজ ২২ ডিসেম্বর শুরু হয়েছে এবং চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজকরা জানান, এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্য-প্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার, এফবিসিসিআই-এর পরিচালক আবু মোতালেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, এইচপি বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার ইমরুল হাসান, স্মার্ট টেকনোলোজিস বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, ডেল বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মোঃ আতিকুর রহমান প্রমুখ।

আয়োজকেরা জানান, ঢাকাসহ সারা দেশের যে কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য মেলার প্রবেশ ফ্রি করা হয়েছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র দিয়েই ছাত্র-ছাত্রীরা মেলা পরিদর্শন করতে পারবে। আগত শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে। মেলার প্রবেশ টিকেট মুল্য ১০ টাকা । ৬ দিনব্যাপী এই মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন