
নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন ক্যাটাগরিতে শুরু হওয়া নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে এ পরীক্ষা শুরু হয়েছিল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, বয়সসীমা শিথিল করে দলীয় লোকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এ নিয়ে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, বহিরাগতরা এসে বিশৃঙ্খলা করে পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া চেষ্টা করছি।