
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে গোলাগুলির পর গুলিবিদ্ধ দুই ডাকাতসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ২জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ ঘটনাটি ঘটে ।
এ সময় পুলিশের এক দারোগা ও অপর দুই কনেস্টবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন জানিয়েছেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা-দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়ক ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে ।
একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বাবু শেখ (৪৫) ও দুলালকে (৪০) পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এবং আতিক ও শামিম নামে অপর দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশের এসআই এমানুর হোসেন এবং কনেস্টবল ইকবাল ও রহমান আহত হন। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা-মেট্রো- ঢ-১৪-১৯৬৩) জব্দ করেছে পুলিশ ।