
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে একটি দোকানে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে। এ ঘটনায় দোকান মালিকের বড় ভাই আছবা উদ্দিন বাদী হয়ে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, গত বৃহ¯পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর বাজারে তার ছোট ভাই আশরাফ হোসেনের দোকানে আগুন লাগার খবর দেন দোকানদার রমিন মিয়া।
খবর পেয়ে দোকান মালিকসহ আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানে থাকা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা জানান।এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।