
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ২ স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা মামলায় ৩ আসামীর নাম দেয়ায় সংবাদ সম্মেলন করেছেন নিহত দুই স্কুলছাত্রীর পরিবার। শনিবার বেলা ১টায় মাদারীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত স্কুলছাত্রী সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার ও হ্যাপীর মা মুক্তা বেগম উপস্থিত ছিলেন। এ সময় তারা অভিযোগ করেন, আসামীদের সাথে যোগাযোগ রেখে সিআইডি’র তদন্ত কর্মকর্তা পরিদর্শক সিরাজুল ইসলাম আসামী শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দিয়ে গোপনে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এ অভিযোগপত্র প্রত্যাখানের দাবী জানিয়ে নারাজি দেবার প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে দুই স্কুলছাত্রী ধর্ষণ শেষে হত্যার সুষ্ঠু বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিহত সুমাইয়া ও হ্যাপীর পরিবার।
২০১৫ সালের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ধর্ষণে শেষে বিষ খাইয়ে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় সদর থানায় ও আদালতে ১১ জনকে আসামি করে আলাদা দু’টি মামলা হলে অধিকতর তদন্তের দায়িত্ব পায় মাদারীপুর সিআইডি পুলিশ। দীর্ঘ ১৫ মাস তদন্ত শেষে, গত ৭ নভেম্বর বাদীপক্ষকে না জানিয়ে মামলার প্রধান ৩ আসামি শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দিয়ে রানা নাগাসী, মেহেদী, সজিব, আলামিন, নাজমুল, সাজন বেপারী, উজ্জ্বল শিকদার, রাকিব শিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে অভিযোগ স্বজনদের।