
নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকার দেশে বিজ্ঞানের উন্নয়ন ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ‘বিশ্বমানের সর্বাধুনিক এবং দৃষ্টিনন্দন জাদুঘর নির্মাণ করে দেশে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করা হবে ।
মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ‘বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নির্মাণের উদ্যোগ ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জায়গায় বিশ্বমানের সর্বাধুনিক এবং দৃষ্টিনন্দন জাদুঘর নির্মাণ করা হবে ।
এ জাদুঘরে বিজ্ঞানের বিষয়ভিত্তিক গ্যালারির পাশাপাশি কৃষি, হেরিটেজ, মেরিটাইম, মিউজিক এন্ড স্পোর্টসসহ প্রায় ৩০টি গ্যালারি স্থাপনের পরিকল্পনা রয়েছে। গ্যালারির প্রদর্শনীবস্তু হবে ইন্টারএকটিভ। ভার্চুয়াল আকারে জাদুঘরের কার্যক্রম উপস্থাপন করা হবে ।
এছাড়াও ভবনের ছাদে অবজারভেটরি, বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার, দর্শনার্থীদের জন্য থাকার ডরমেটরি, গবেষণাগার ও প্রশিক্ষণকেন্দ্র, লেকচার থিয়েটার, লাইব্রেরি এবং বহুমাত্রিক সিনেমা হলের ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান এবং বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক মো. আমিনুল ইসলাম ।