
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন,‘ একটি রাজনৈতিক দলের অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি শক্তিশালী যে উদ্যোগ নিয়েছেন আমরা তার শুভ কামনা করছি। আওয়ামী লীগ নিশ্চয় একটি সুন্দর, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়’ ।
আজ রবিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. আছাদুজ্জামানের মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও সংসদে দেওয়া তার বক্তৃতার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদ হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলার একটি পবিত্র স্থান। প্রবীন পার্লামেন্টারিয়ান আছাদুজ্জামান সব সময় এই নীতি আদর্শ মেনেই সংসদে তার বক্তব্য উপস্থাপন করতেন। সংসদে তিনি কোনও দিন একটি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করেননি। তার বক্তব্য ছিল শ্রুতি মধুর, সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ। তিনি আরো বলেন, ‘তার(আছাদুজ্জামান) জীবদ্দশায় আমি সংসদ সদস্য হিসাবে নিজে তার কাছ পয়েন্ট অব অর্ডারসহ অনেক বিষয়ে শিক্ষা নিয়েছি। বর্তমান সংসদ সদস্যদের উচিত তার মত নেতার বক্তব্যকে অনুসরন করা ।
’ জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুওত আলী,মাগুরার পাবলিক প্রসিকিউটর এড.কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক গোলাম মওলা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, যুগ্ম-সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা এড. শাখারুল ইসলাম শাকিল, এড. রাশেদ মাহমুদ শাহীন,কৃষকলীগ নেতা মিরুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম বিপু ।
পরে সংসদে দেওয়া আছাদ্জ্জুামানের বক্তৃতার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ডেপুটি স্পিকার। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এর আগে সকালে মাগুরা পৌর গোরস্থানে ডেপুটি স্পিকার আছাদুজ্জামানের কবর জেয়ারত করেন ও নিজে সেখানে মোনাজাত পরিচালনা করেন ।