
নিউজ ডেস্কঃ এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা)-তে নতুন সদস্য দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করতে সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয় ।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংশোধনী এনে মঙ্গোলিয়াকে সদস্য অন্তর্ভুক্ত করার নতুন প্রস্তাব করা হচ্ছে । বর্তমানে সব সদস্য দেশ সংশোধনীতে প্রস্তাব দিলে আগামী ১৩ই জানুয়ারি থাইল্যান্ডে মন্ত্রী পর্যায়ের সভায় এই চুক্তি অনুমোদন দেয়া হবে ।
বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও লাওস-এই ৬টি দেশে আপটার সদস্য। আপটার সদস্য দেশগুলো একে অন্যের নির্দিষ্ট পণ্যে বিভিন্ন অঙ্কের শুল্ক ছাড় দেয়। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০-৩০ শতাংশ।