News71.com
 Bangladesh
 26 Dec 16, 04:36 PM
 248           
 0
 26 Dec 16, 04:36 PM

গার্মেন্টস খুলে দেয়ায় মালিক-শ্রমিকদের অভিনন্দন মন্ত্রিসভার ।।

গার্মেন্টস খুলে দেয়ায় মালিক-শ্রমিকদের অভিনন্দন মন্ত্রিসভার ।।

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়া ৫৯টি তৈরি পোশাক কারখানা আজ সোমবার সকাল থেকে খুলে দেয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। এ কারণে শ্রমিক ও মালিকদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে তাদের এ উদ্যোগকে স্বাগত জানানো হয় ।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শত শত কোটি টাকার ক্ষতি। সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে আজ থেকেই সবগুলো প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছেন ।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটার তো বিধান আছে। সময়ে সময়ে এটাকে আপডেট করার সুযোগ আছে। যে সিস্টেমটা আইনে দেয়া আছে, সেটা প্রিম্যাচিউর, এখনও স্টেজটা (৫ বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণ) আসে নাই । '

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বাড়ার কারণে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে ১২ই ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা। ২০ই ডিসেম্বর বিজিএমইএ সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে সাভারের আশুলিয়ায় সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ ।

গতকাল রবিবার সন্ধ্যায় বিজিএমইএ সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি মো. সিদ্দীকুর রহমান জানান, সাভারের আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানাগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সোমবার থেকে খুলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন