News71.com
 Bangladesh
 26 Dec 16, 07:45 PM
 287           
 0
 26 Dec 16, 07:45 PM

দুর্নীতি বন্ধে এনবিআর দুদকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ।। এনবিআর চেয়ারম্যান

দুর্নীতি বন্ধে এনবিআর দুদকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ।। এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন,রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধে দূর্ণীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, এজন্য যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে এবং পাশাপাশি ইতোমধ্যে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

তিনি রাজস্ব কর্মীর দুর্নীতি বা কর ফাঁকির কোন তথ্য কারোর কাছে থাকলে তা এনবিআরকে জানানোর আহবান জানান। আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্চিনিয়ার্স অডিটরিয়ামে আয়কর আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআরের সদস্য (ট্যাকসেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক ও মীর মুস্তাক আলী,বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসেিয়শনের (বিটিএলএ) সভাপতি মনিরুল হুদা,মহাসচিব এম এ গফুর মজুমদার, ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশনের সভাপতি মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আকিল আহমেদ ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন ।

রাজস্ব কর্মীদের বিরুদ্ধে আয়কর পরামর্শক প্রতিষ্ঠান চালানোর অভিযোগের প্রেক্ষিতে নজিবুর রহমান বলেন,এনবিআরের কোন কর্মকর্তা বা কর্মচারী অফিস ফাঁকি দিয়ে আইনজীবিদের কাজ করবেন না। কোন পরগাছা অফিস চালাবেন না। কারা এ ধরনের কাজ করছেন,তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সদস্যকে তদন্তের নির্দেশ দেন তিনি। তিনি অবিলম্বে কর অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অফিস ড্রেস চালু করার ঘোষণা দেন। বলেন, কোন কর্মচারী যাতে অনিয়ম বা অনৈতিক কাজ করতে না পারে,এজন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে ।

আয়কর আইনজীবিদের এনবিআর এবং করদাতাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করার আহবান জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘করদাতারা যাতে কর প্রদানে উদ্বুদ্ব হয়, এজন্য আপনারা কাজ করবেন। আপনারা এমন কিছু করবেন না যাতে করদাতারা কর অফিসে আসতে ভয় পান। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে সর্বোচ্চ কর সেবা নিশ্চিত করবো। এনবিআর চেয়ারম্যান করদাতাদের কোন মামলায় না জড়িয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থায় সমস্যা সমাধানের পরামর্শ দেন। তিনি ৮টি বিভাগীয় শহরে আয়কর আইনজীবিদের সাথে পৃথক মতবিনিময় সভা করার ঘোষণা দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন