
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মিরপুরে জনসংখ্যা অনেক বেশি হলেও সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। তাই এখানে একটি সরকারি স্কুল ও একটি সরকারি কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে ।
আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ মহাবিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ সম্পন্ন হয়েছে। একই ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সরকারি কলেজও নির্মাণ করা হচ্ছে। ফলে এ এলাকার শিক্ষার্থীরা বিশেষ করে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা উন্নত পরিবেশে সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাবে ।
এ কলেজটি নির্মাণে ৭ কোটি টাকার বেশি ব্যয় হবে। ৬তলা বিশিষ্ট এ ভবনে কম্পিউটার ল্যাবসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, মিরপুর ও পল্লবীতে একাধিক স্কুল ও কলেজ জাতীয়করণ করা হয়েছে। এ এলাকার ছেলে-মেয়েরা যাতে পড়ালেখা করার সুযোগ পায় সে জন্যই এ উদ্যোগ ।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার জন্য অবকাঠামো এবং পরিবেশ উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। এ জন্য কলেজ ও স্কুলের মাঝে একটি মাঠ থাকবে। যাতে শুধু পড়ালেখা নয়, ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশও ঘটতে পারে ।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক স্বপন চনদ্র পাল উপস্থিত ছিলেন ।