News71.com
 Bangladesh
 29 Dec 16, 03:15 PM
 288           
 0
 29 Dec 16, 03:15 PM

সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক, অভিভাবকদের কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক, অভিভাবকদের কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল বিষয়ে শিক্ষার্থীদের ছোট থেকে সচেতন করতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার সঙ্গে যারা জড়িত, তাদেরকে শিশুদের মাথায় শান্তি, সুন্দর ও উন্নত জীবনের কথা ঢোকাতে হবে বলে জানান তিনি ।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং সমমানের পরীক্ষার ফলের অনুলিপি নেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ভুল পথে কেউ যেন না যায়। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে ।

জনমত সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম এবং যারা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ ছোট-ছোট শিশুদের মনে ঢোকাতে হবে আমরা শান্তি চাই, উন্নতি চাই। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে ।

সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না। কোনো ধর্ম সন্ত্রাস-জঙ্গিবাদ কর্মকাণ্ড সমর্থন করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসের পথ কখনও ইসলামের পথ নয়। ইসলামের পথ শান্তির পথ। জঙ্গিবাদের কোনো স্থান এখানে নাই ।

প্রতিযোগিতামূলক সময়ে টিকে থাকতে নিজেদের সেভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি পারে দেশকে দারিদ্র্যমুক্ত করতে। স্বাধীন জাতি হিসেবে আমাদের সারাবিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। নিজেদের মর্যাদা নিজেদের তৈরি করতে হবে। অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। একটু যত্ম নিলে তারা অনেক ভালো কিছু করবে। এরাই আমাদের ভবিষ্যৎ ।

প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষাগুলো হওয়ার পক্ষে নিজের অবস্থান ও যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষাগুলো হওয়া উচিত, সেটা আবার বলা দরকার। অনেক অভিভাবক এ ব্যাপারে অনিহা প্রকাশ করেছিলেন। কী কারণে সেটা আমার বোধগম্য নয়। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষা ফলফলে অনুলিপি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন