News71.com
 Bangladesh
 29 Dec 16, 06:32 PM
 318           
 0
 29 Dec 16, 06:32 PM

জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।। পুলিশের প্রধান আইজিপি

জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।। পুলিশের প্রধান আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ জঙ্গিদের আস্তানা হতে পারে না। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত জঙ্গিবাদ সংক্রান্ত এক বিশেষ সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি ।

সভায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনাকারী পুলিশ সদর দফতরের এলআইসি, কাউন্টার টেররিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, র্যাব, ডিএমপির উত্তরা ও লালবাগ ডিভিশন, গাজীপুর ও বগুড়া জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়। যারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে তাদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নচেৎ আপনাদের পরিণতি হবে ভয়াবহ ।

তিনি জঙ্গি দমনে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য দেশের জনগণ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান সাম্প্রতিক সময়ে রাজধানীর আজিমপুর, গাজীপুর জেলার জয়দেবপুর, পুরাতন জেএমবি এবং রাজধানীর দক্ষিণখানে জঙ্গি অপারেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে জানানো হয়, পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ই সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় ।

পুলিশ ওই আস্তানা থেকে ৬ ও ১ বছর বয়সী দুটি শিশুকে উদ্ধার করে। ৩ জন নারী জঙ্গিসহ জঙ্গি আবদুল করিমের পুত্রকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযান শেষে জঙ্গি তানভীর কাদেরী ওরফে জামশেদ ওরফে আবদুল করিমের লাশ পাওয়া যায়। গ্রেফতার এড়াতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়। পুলিশ জঙ্গি আস্তানা থেকে গুলশান হামলার পরিকল্পনাকারী নজরুল ইসলাম ওরফে মারজান এর স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি (২৫), তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ট সহযোগী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা (৩৫), তামিম আহমেদ চৌধুরীর অপর ঘনিষ্ট সহযোগী বাসারুজ্জামান ওরফে চকলেট এর স্ত্রী শায়লা আফরিন (২৩) এবং তানভীর কাদেরীর স্ত্রী তাহরিম কাদের ওরফে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

পুলিশ গত ৮ই অক্টোবর গাজীপুর জেলার জয়দেবপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্পেট ৮’ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ এবং জঙ্গিদের মধ্যে ৪/৫ ঘন্টাব্যাপী গুলি বিনিময়কালে জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার মোঃ ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভা ওরফে সানোয়ারসহ ৭ জেএমবি সদস্য নিহত হয়। পুলিশ সদর দফতরের এলআইসি এবং জেলা পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চলে পুরাতন জেএমবি সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জন পুরাতন জেএমবি সদস্যকে গ্রেফতার করে ।

তাদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পুরাতন জেএমবি সদস্যরা জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং আশেপাশের এলাকায় ডাকাতিতে নিয়োজিত ছিল। কাউন্টার টেররিজম এবং ট্রান্সন্যাশরাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গত ২৪শে ডিসেম্বর ঢাকার দক্ষিণখানের আশকোনা পূর্বপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় ।

পুলিশ ২ জন নারী জঙ্গিকে আটক করে এবং ৩ জন শিশুকে উদ্ধার করে। অভিযানে ২ জঙ্গি নিহত হয়। এর মধ্যে একজন আত্মঘাতি নারী জঙ্গি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আটককৃত নারী জঙ্গিদের মধ্যে রয়েছে, মেজর (অব) মুরাদ ওরফে জাহিদুল ইসলামের স্ত্রী জেবুননাহার ইসলাম এবং তাদের সন্তান পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ওরফে তৃষা এবং তাদের ৫ বছরের সন্তান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন