News71.com
 Bangladesh
 31 Dec 16, 09:09 AM
 316           
 0
 31 Dec 16, 09:09 AM

আগামীকাল থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।।

আগামীকাল থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।।

 

নিউজ ডেস্কঃ আগামী ১ই জানুয়ারি সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি সূত্র জানায়, আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন ।

সূত্র আরো জানায়, ১ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন। সূত্র জানায়, আগামীকালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন এবং জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। এ ছাড়াও অনুষ্ঠানে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী যোগদান করবে ।

এর আগে এনসিটিবি চেয়ারম্যন অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, সরকার ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করবে। তিনি জানান, সারা দেশে ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন ইবতেদায়ী, দাখিল, দাখিল কারিগরি, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এসব বই বিতরণ করা হবে ।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ইতিমধ্যে জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সব পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। তিনি বলেন, এই প্রথমবারের মতো শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতি সমাধানের গাইড লাইন প্রকাশ করে তা সরবরাহ করা হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক শিক্ষকদের জন্য ৬০ লাখ ১ হাজার ২৪টি ও মাধ্যমিক শিক্ষকদের জন্য ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি গাইড বই তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল ।

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান জানান, গত ৮ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে ৫ লাখ ৬৫ হাজার ৮৮৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তিনি বলেন, সরকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করছে, যা প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন