
নিউজ ডেস্ক : সরকারি উদ্যোগের পাশপাশি বেসরকারি উদ্যেগেও কাজে লাগিয়ে প্রতি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। আজ বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠি দরকার। শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া কোনো দেশ দারিদ্রমুক্ত হতে পারে না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হবে এই শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিই এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ছিলো। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মেয়েদের তুলে দিয়েছে- হত্যায় সহযোগিতা করেছে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বিএনপি। আমরা যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেটাই লক্ষ্য ছিলো।
তিনি বলেন, এলাকা ধরে ধরে নিরক্ষতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম আমরা। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এসে বিভিন্ন ভাতা চালু করেছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করেছি। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করি। কিন্তু বিএনপি ফের ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। খাদ্য ঘাটতি আবার দেখা দেয়, স্বাক্ষরতার হার কমে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়।
এর আগে গবেষণার জন্য ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও মেয়েদের জন্য অত্যাধুনিক শেখ হাসিনা হলের বাজেট ২০১৫ সালের একনেকে পাস করা হয়েছিল। রিসার্চ ইনস্টিটিউটের জন্য ৫১ কোটি ২৩ লাখ ও মেয়েদের হলের জন্য ২৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ স্থাপনা দুটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।