
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে আলোচনাকালে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন ও বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের অংশ হিসেবে ন্যাপ-এর নির্বাহী সভাপতি আমিনা আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই প্রস্তাব দেন ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আজ বিকেলে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় প্রতিনিধিদল ৭-দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবনা অনুসারে, বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে সার্চ-কমিটি গঠিত হতে পারে ।
এ ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় নির্বাচনের প্রার্থীদের জন্য বিতর্ক ও সভা আয়োজনের প্রস্তাব দেয় প্রতিনিধিদলটি। রাষ্ট্রপতি হামিদ বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবনাগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গত বছরের ১৮ই ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। উল্লেখ্য, কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হবে ।