
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট জেলার রামপাল ও মোরেলগঞ্জ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ওই দুই ওসিকে প্রত্যাহার করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যাহৃত দুই ওসি হলেন মোরেলগঞ্জ থানার মো. রাশেদুল আলম ও রামপাল থানার মো. রফিকুল ইসলাম। তাঁদের সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আগামী ২২ মার্চ বাগেরহাটের নয়টি উপজেলার ৭৪টি ইউপিতে নির্বাচন হবে।