
জাবি প্রতিনিধি : ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এ স্লোগানকে সামনে রেখে আগামীকাল ( ৬ জানুয়ারি ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজন করা হয়েছে পাখি মেলার । আগামীকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।
এবারের পাখি মেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র প্রদর্শনী, অডিও-ভিডিও’র মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। উল্লেখ্য পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এ পাখি মেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার।