
নিউজ ডেস্কঃ জয়পুরহাটে গতকাল কর্মসূচি পালনের নামে বেআইনিভাবে সমাবেশ ও ধস্তাধস্তির ঘটনায় বিএনপির দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিএনপির শীর্ষস্থানীয় ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ’ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয় । আজ শুক্রবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি ও ছাত্রদলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ শুক্রবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে ।
মামলায় জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ স্থানীয় প্রায় সব নেতাকর্মীদের আসামি করা হয়েছে ।
মুশফিকুল আলম বুলু জয়পুরহাট শহরের সিও কলোনী এলাকার মৃত আব্দুর রশিদ মাস্টার সাহেবের ছেলে ও ছাত্রদল নেতা আলমগীর হোসেন জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকার আবদুস ছাত্তারের ছেলে। ‘গনতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাটে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপি শহরের প্রধান সড়কে বের করে। এসময় বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের অনুমতি ছাড়া জোর করে সমাবেশ করে ।