News71.com
 Bangladesh
 18 Mar 16, 06:15 AM
 719           
 0
 18 Mar 16, 06:15 AM

অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী লঞ্চের ৫শ’ যাত্রী ।।

অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী লঞ্চের ৫শ’ যাত্রী ।।

বরিশাল সংবাদদাতা : ডুবন্ত নৌ-যানের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৯ এর ৫শ’ যাত্রী।

আজ শুক্রবার ভোররাতে বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো লঞ্চটি সেখানে জোয়ারের অপেক্ষায় রয়েছে।
সুন্দরবন নেভিগেশনের সত্ত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সুন্দরবন নেভিগেশন বরিশাল কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন জানান, শুক্রবার ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হিজলা সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় একটি ডুবন্ত নৌ-যানের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। এসময় লঞ্চে পানি উঠতে শুরু করলে মাস্টার লঞ্চটিকে পার্শ্ববর্তী চরে নিয়ে নোঙর করে। পরে যাত্রীদের সুন্দরবন-১১ লঞ্চের সহায়তায় গন্তব্যের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এদিকে লঞ্চটিকে প্রাথমিকভাবে মেরামত করা হলেও জোয়ার এলে তবেই লঞ্চটিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত বেশ কয়েকদিন আগে ওই স্থানে একটি বাল্কহেড দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন