
নিউজ ডেস্ক : ঘুষ নেয়ার সময় একজন উপসচিবকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । গত রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে মিজানুর রহমান নামে এ উপসচিবকে গ্রেফতার করা হয় তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদফতরে আইন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ।
দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায় ।
মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। তিনি পরে আরো ৯ লাখ টাকা দাবি করলে মাইনুদ্দিন দুদকের কাছে অভিযোগ করেন । সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয় এবং একপর্যায়ে তারা ঘুষের টাকাসহ মিজানকে গ্রেফতার করে ।
দুদক সূত্র জানায়, গ্রেফতারের পর মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে ।