News71.com
 Bangladesh
 09 Jan 17, 01:50 PM
 336           
 0
 09 Jan 17, 01:50 PM

তুরাগতীরের বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই ।। স্বরাষ্ট্রমন্ত্রী

তুরাগতীরের বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই ।। স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ আগামী ১৩ই জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হতে যাওয়া ৫২তম বিশ্ব ইজতেমা ঘিরে জঙ্গি সংগঠনের কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের টঙ্গীতে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অফিস প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান ।

বিশ্ব ইজতেমাকে ঘিরে জঙ্গি সংগঠনের কোনো হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকষ। সবগুলো বিষয় মাথায় নিয়েই আমরা কাজ করছি ।

আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে ও সফল হবে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। আরও কি সহযোগিতা করা যায় তারও খোঁজ-খবর নিচ্ছেন তিনি ।

হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্ব ইজতেমা। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরুব্বি মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এ বছর বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের সামনে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে ।

আমরা আশা করি আমাদের সচেতনতা একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরুব্বিদের সহযোগিতা নিয়েই আমরা ওই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। আমরা কোনো রকম অনিরাপত্তার কথা ভাবছি না। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় ১৩ থেকে ১৫ই জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২শে জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন