News71.com
 Bangladesh
 09 Jan 17, 07:45 PM
 249           
 0
 09 Jan 17, 07:45 PM

ভর্তি ও টিউশন ফি সীমার মধ্যে রাখার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ।।

ভর্তি ও টিউশন ফি সীমার মধ্যে রাখার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ও অন্যান্য ফি নির্ধারণের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে । আজ সোমবার শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো এক বিরাট সম্ভাবনাময় উচ্চ শিক্ষার খাত হিসেবে গড়ে উঠেছে ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় ১ লাখের বেশী। অনেক প্রতিষ্ঠান মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১ হাজার ৬ শ জন বিদেশী শিক্ষার্থী আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এটা বৃদ্ধি পাবে এবং তা নির্ভর করছে এই ক্ষেত্রে আমাদের সফলতা অর্জনের উপর ।

তিনি বলেন, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং তথ্য বিপ্লবের সুযোগ গ্রহন করে বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ ও যুগোপযোগী মানব সম্পদ গড়ে তুলতে হবে। বিশ্বায়নের যুগে প্রযুক্তি ও মানব সম্পদ অপার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে এ সুযোগকে কাজে লাগাতে হবে ।

মন্ত্রী বলেন, আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো পার্থক্য করি না। সকল শিক্ষার্থীই আমাদের সন্তান ও ভবিষ্যত। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল হতে হবে এবং জনগণ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশ গড়ার প্রধান শক্তি হিসেবে ভূমিকা পালন করতে হবে ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান এবং প্রো-ভিসি প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন