
নিউজ ডেস্ক : জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে সব রিক্রুটিং এজেন্সির অংশগ্রহনের ক্ষেত্রে সমান সুযোগ কেন নিশ্চিত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এছাড়া জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, ট্রেড অর্গানাইজেশনের পরিচালক ও বায়রার সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও মোহাম্মদ সামিউল হক শুনানি করেন।
সামিউল হক সাংবাদিকদের বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির জন্য সাড়ে ৭'শর মতো রিক্রুটিং এজেন্সি রয়েছে। এই তালিকা থেকে ১০টিকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের সিন্ডিকেট গঠন আইনের পরিপন্থী। আইনানুযায়ী জনশক্তি রপ্তানিতে সব রিক্রুটিং এজেন্সির সমান অংশগ্রহনের সুযোগ নিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন সাদমান ইন্টারন্যাশনালের মোবারক হোসেন বুলবুল, জেনারেল ট্রেডিং কোম্পানির খলিলুর রহমান ও ইস্টার্ন বিজনেস এসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ।