
নিউজ ডেস্ক : অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এনামুল হক (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আজ সোমবার বেলা ৩টায় এ রায় দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল হক সরকার ও ইব্রাহীম খলিল ইমন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ২০০৮ সালে এনামুলের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী এনামুল হক স্ত্রীকে মারপিট করতেন। এ নিয়ে পরিবারের মধ্যে কলহ ছিল। এরই জের ধরে ২০১১ সালে ১৮ মে এনামুল আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যান। নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ছয়জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম।