
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে গত সোমবার যথাযথ প্রক্রিয়ায় লটারি না করে প্রায় সাড়ে নয় কোটি টাকার কাজ ভাগাভাগি করে বিতরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে ঠিকাদারেরা এ অভিযোগ করেন। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরার সাতটি উপজেলায় ৯৩টি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০১৬-২০১৭ অর্থবছরে গ্রামীণ জনপদে কালভার্ট ও সেতু নির্মাণ প্রকল্পের এসব কাজের দরপত্রের শিডিউল কেনার দিন ছিল ২৮ ডিসেম্বর। শিডিউল জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয় ২৯ ডিসেম্বর।
শ্যামনগর উপজেলা পিআইওর দপ্তর সূত্রে জানা যায়, এসব কাজের মধ্যে শ্যামনগরে ৯ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৭৯ টাকার ২৭টি কাজের দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি শিডিউলের মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৫০০ টাকা। ২৭টি কাজের বিপরীতে ১২০ জন ঠিকাদার ৩ হাজার ৭৩৪টি শিডিউল কেনেন। নির্ধারিত ২৯ ডিসেম্বর শিডিউল জমা দেওয়ার পর গত সোমবার ইউএনও দপ্তরে এসব কাজের লটারি হয়।
আক্তারুজামান নামের একজন ঠিকাদার বলেন, তিনি ২৭টি শিডিউল কিনে নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করে ২৯ ডিসেম্বর জমা দেন। রোববার উপজেলা পিআইওর দপ্তরে গিয়ে লটারির খোঁজ নিলে বলা হয়, এখনো দিন নির্ধারণ করা হয়নি। দিন ঠিক হলে তাঁকে জানানো হবে ও নোটিশ দেওয়া হবে। কিন্তু কোনো নোটিশ না দিয়ে ও না জানিয়ে পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ইউএনওর কার্যালয়ে কয়েকজনকে নিয়ে সমঝোতার মাধ্যমে লটারি করা হয়। ঠিকাদার খায়রুল ইসলাম বলেন, তিনি ১১টি কাজের জন্য ১১টি শিডিউল কিনে নিয়ম অনুযায়ী জমা দেন। রোববার পিআইওর দপ্তরে লটারির দিন জানতে গেলে বলা হয়, এখনো দিন নির্ধারণ হয়নি।
একই ধরনের অভিযোগ করেন ঠিকাদার কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী ফায়সাল, স্বপন কুমার দে, শহীদুল ইসলাম, কাজী শওকাত হোসেন। তাঁরা বলেন, প্রতিটি কাজের বিপরীতে পিআইও দেড় থেকে দুই লাখ টাকার সুবিধা নিয়েছেন। ৫৪ জন ঠিকাদার লটারি যথাযথভাবে না হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ৪ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
উপজেলা পিআইও জাফর রানা বলেন, যথাযথ প্রক্রিয়ায় লটারি করা হয়েছে। নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হয়েছিল। কোনো ধরনের সুবিধা বা অর্থ নেওয়ার অভিযোগ ঠিক নয়। লটারির সময় ইউএনও ছিলেন।
ইউএনও আবু সায়েদ মো. মঞ্জুরুল আলম বলেন, লটারি নিরপেক্ষভাবে হয়েছে। এ সময় প্রায় ৩০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। পিআইও আর্থিক সুবিধা নিয়েছেন কি না তাঁর জানা নেই।