News71.com
 Bangladesh
 20 Mar 16, 10:37 AM
 705           
 0
 20 Mar 16, 10:37 AM

বুড়িগঙ্গার তীরে ঘুরতে গিয়ে প্রেমিকাকে খুন করে পালাল প্রেমিক ।।

বুড়িগঙ্গার তীরে ঘুরতে গিয়ে প্রেমিকাকে খুন করে পালাল প্রেমিক ।।

নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে চরওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এক যুবক। গত শনিবার পড়ন্ত বিকেলে তারা দীর্ঘ আড্ডা দেয় সেখানে। সন্ধ্যা নেমে আসার পর ‘প্রেমিকা’ স্বপ্না আক্তারের (১৮) জীবনেও নেমে আসে ঘোর অন্ধকার। কথিত প্রেমিক তাকে ইট দিয়ে মাথা থেঁতলে, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যার পর লাশটি ফেলে রাখে নদীর তীরে। স্বপ্নার চিৎকারে লোকজন এগিয়ে গেলেও তার আগেই সেই প্রেমিক নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বপ্নার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তবে ১০ থেকে ১২ দিন আগে তিনি লালমাটিয়া মিনার মসজিদের পাশে একটি মেসে থাকা শুরু করেন। পাশেই অপর একটি ফ্ল্যাটে তিনি গৃহকর্মীর কাজ করতেন। পলাতক যুবকের পুরো পরিচয় পাওয়া না গেলেও নিহত স্বপ্নার হাতের মুঠোয় আটকে থাকা তার লুঙ্গি ও ঘটনাস্থল থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান জানান, উদ্ধার করা মোবাইল ফোনের একটি পলাতক যুবকের। এর মধ্যে তাদের ছবিও পাওয়া গেছে। কললিস্ট যাচাই করে নিহত স্বপ্নার সঙ্গে তার দীর্ঘদিন ধরে ফোনালাপের তথ্য মিলেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা দু’জন প্রেমিক-প্রেমিকা।

প্রত্যক্ষদর্শীদের উদ্বৃত করে ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েটিকে হত্যা করে পলাতক যুবক। ওই সময় নিজেদের মধ্যে ধস্তাধস্তি হয়। স্থানীয় লোকজন এগিয়ে যাওয়ার আগেই যুবক নিজের লুঙ্গি ফেলে রেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন