
নিউজ ডেস্কঃ রূপকথার রাজ্যে বিএনপির রঙিন খোয়াব দেখে লাভ নেই বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।
এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যে কাদের বলেন, যে দল গত ৩ বছরে ৩ মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারেনি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই ।
অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারেনি, শেখ হাসিনা সরকার ৩ বছরে তা করে দেখিয়েছে। ৩ বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে জেলা-উপজেলা শাখার নেতাকর্মীদের নেত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছি। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি ।