
জাবি প্রতিনিধি: সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পরিযায়ী পাখির অভয় আশ্রম হিসেবে সুখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৬ বছর পূর্তি উৎসব বিশ্ববিদ্যালয় দিবস মহাসমারোহে বৃহস্পতিবার পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ভিসি ফারজানা ইসলাম জাতীয় পতাকা ও প্রো-ভিসি আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০১৭ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তৃতায় ভিসি ফারজানা ইসলাম বলেন, "সকালটা অন্যরকম ভাবে শুর হয়েছে। ফ্যাকাল্টি, ইনস্টিটিউট ও বিভাগসমূহের উপস্থিতি দেখেই বুঝা যায় আমরা কতটা বড় হয়েছি, সমৃদ্ধ হয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। শ্রদ্ধা অবনত চিত্তে তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন"।
বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো ছিল সকাল এগারোটায় দানবীর আবদুল কাদির মোল্লা কনভেনশন সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সাড়ে এগারোটায় জহির রায়হান মিলনায়তনে সিনেমা প্রদর্শনী। সাড়ে তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ, পাঁচটায় নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের উদ্যোগে নাটক এবং সন্ধ্যে সাতটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফানুস উড়ানো।
এছাড়াও শুক্রবার এ্যালামনাই ডে মিলনমেলা উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে শুরু হবে এ্যালামনাই ডে মিলনমেলার আনন্দ শোভাযাত্রা। সেলিম আল দীন মুক্তমঞ্চে সকাল সাড়ে দশটায় দ্বিতীয় ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে , সাড়ে এগারোটায় আলোচনা সভা, একটায় মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র।