
নিউজ ডেস্কঃ দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান এবং প্রতিবেদক আহমেদ জায়িফকে আসামি করে খুলনা আদালতে দুটি অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা। মঙ্গলবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে মানহানির অভিযোগ দুটি দায়ের করেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
আদালত আরজি দুটি গ্রহণ করে খুলনা সদর থানার ওসিকে আগামী ২৬ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে জানান খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাদীর আইনজীবী সরদার আনিসুর রহমন পপলু। অভিযোগে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় ‘খুলনায় মাদক নিয়ে আওয়ামী লীগের তিন পক্ষের দ্বন্দ্ব, সবাই চায় সাংসদের আশীর্বাদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ডন, রাসেল ও সাংসদ মিজানুর রহমান মিজান জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে।
বাদীর আইনজীবী বলেন, খবরে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলকে জড়িয়ে মাদক ব্যবসা ও দলীয় কোন্দলের কথা প্রকাশিত হয়েছে। 'বিষয়টি নজরে আসার পর ডন ও রাসেল আদালতে এ মামলা করেন।”