
নিউজ ডেস্কঃ রাজধানীর অদূরে কাঁচপুর এলাকায় চলমান মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করতে চায় সংসদীয় কমিটি। কমিটি মনে করে, প্রকল্পের বাস্তব অবস্থা নিরুপণে পরিদর্শনে যাওয়া অতি জরুরি। ফলে কমিটির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে ।
জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেয়া হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের বরিশাল জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি, বিআরটিসির ডিপো ম্যানেজারদের সার্বিক কার্যক্রম এবং কাচঁপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি বিআরটিসির সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ।
বৈঠকের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন ।